কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

- আপডেট সময় : ১২:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি অবৈধ স্বর্ণখনিতে ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর এখনো ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চাম্বেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খনিতে উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার।
নারিনোর দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো জানান, দুর্ঘটনার পর আরও ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। উদ্ধার ও পরিস্থিতি মোকাবিলার কাজ স্থানীয় প্রশাসন পরিচালনা করছে। তবে যোগাযোগব্যবস্থা কঠিন হওয়ায় কার্যক্রমে সমস্যা হচ্ছে।
সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকাটি ঘন বৃষ্টিবন দিয়ে ঘেরা। সেখানে সড়কপথে যাতায়াতের সুযোগ নেই বললেই চলে; নৌকা অথবা ছোট উড়োজাহাজে করে সেখানে পৌঁছাতে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে অনানুষ্ঠানিক খনি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ মর্মান্তিক ঘটনায় এখন তাদের প্রধান লক্ষ্য মানুষের জীবন রক্ষা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনিয়ন্ত্রিত খননকাজের প্রচলন রয়েছে। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
এর আগে গত আগস্টে একই নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।
সূত্র: আল জাজিরা









